শ্রীশ্রী রামঠাকুরের অমূল্য বাণী
(৪)
ভাগ্যং ফলতি সর্ব্বত্রং। ভাগ্যই ফল দেয়, ফল দিবার অধিকার ত্রিজগতে আর কাহারো নাই। ভাগ্যবশে যাহার যাহা পাওনা দেনা রহিয়াছে তাহা যথাসময় ঘটিবেই। দৃঢ় বিশ্বাস থাকিলে জীবের দুরবস্থা ঘটে না।
জগতই চিত্রপট ছায়াস্বরূপ। হৃদয়ে যদি চিত্রপট থাকে তবে তাহা নষ্ট হয় কি? সত্যকে কেহই ছেদন, ভেদন, অবকুন্ঠন করিতে পারে না।
নিত্যঃ সর্ব্বগতঃ স্থাণুরচলোহয়ং সনাতনঃ।।
চিত্রপট সঙ্গেই থাকে, বিচ্ছেদ হয় না জানিবেন।
শ্রীশ্রী রামঠাকুরের অমূল্য বাণী
(৫)
ভগবানের দাসত্ব লাভের জন্য নামে শরণ নিয়া পড়িয়া থাকুন, মনের দাস হইতে নাই। যেহেতু মন বুদ্ধি প্রকৃতির গুণের জাত, এই মন বুদ্ধি হইতে সুখ-দুঃখময় অনিত্য অস্থায়ী ক্ষোভকর শক্তি সঞ্চারিত থাকে।
প্রারব্ধ দণ্ড ক্ষয় করিতে পারে না বলিয়াই রুচি অরুচি দ্বারায় নানান বিশৃঙ্খলা ঘটাইয়া নানান উপাধীগ্রস্ত লাভ করিয়া ব্যাধিময় হয়। অতএব সর্ব্বদা নাম নিয়া নামের দাস হইয়া থাকিবেন।
নামেই আপনাকে কালে উদ্ধার করিয়া, যেমন কুরুকুলের তরঙ্গ হইতে পাণ্ডবগণ এবং হিরণ্যকশিপুর তরঙ্গ হইতে প্রহলাদকে উদ্ধার করিয়াছিল, যেরূপ সীতাদেবীকে মায়ামৃগ হইতে রাবণের শাসন হইয়া উদ্ধার করিয়াছিল, সেইরূপ নামে আপনাকে উদ্ধার করিয়া লইবে।
ভগবৎ সমীপে প্রকৃতির প্রারব্ধ কোন প্রকাশের শক্তি নাই। প্রাক্তন শক্তি কেবল গুণের জাত বুদ্ধি মনের উপরই দেহেতে সম্বন্ধ করিয়া চালিত করিয়া থাকে, নামের নিকট যাইতে পারে না।
এ জগতে যত কিছু আয়-ব্যয় এবং লাভ-লোকসান, পাওয়া না পাওয়া সকলই প্রাক্তন (ভাগ্যফল) জানিবেন। সর্ব্বদা নাম করিয়া নামের কার্য্য করিয়া যাইবেন। প্রাক্তণে (ভাগ্যে) যাহা ঘটিবে সহ্য করিয়া লইতে চেষ্টা করিবেন।
শ্রীশ্রী রামঠাকুরের অমূল্য বাণী
(৬)
ভাগ্যং ফলতি সর্ব্বত্রং। ভাগ্যানুসারে জীবের গতাগতি হয় বলিয়াই ত্রিলোকের সুখ দুঃখ দ্বারা দণ্ডিত হয়। তার জন্য হর্ষ মর্ষ না করিয়া ভোগ ত্যাগের জন্য ধৈর্য্যের বরণ করিয়া সত্যনারায়ণের সেবা করিতে হয়।
অতএব সর্ব্ব অবস্থায় সত্যের অধীনে থাকিতে চেষ্টা করিবেন। সিন্নি দিয়া সত্যনারায়ণের সেবা করে। সিন্নিকে ভাগ করা বলে।
ইহার ভাগ ত্যাগ করিলে সিন্নি দিয়া সত্যের পূজা হয়। তাহার সাক্ষী সতী হরগৌরী, অবিচ্ছেদ সত্যবানকে উদ্ধার; কালদণ্ডের হাত হইতে অবিযোগ সত্যবানকে প্রাপ্ত হইয়া পিতৃকুল (ধর্ম্ম), পতিকুল (কর্ম্ম, সেবা), পুত্রকুল (পবিত্র, শুচি) উদ্ধার করিয়াছিলেন।
জগতে যাহা কিছু ব্যবহার করি সকলি গতাসু, অস্থায়ী, সুখদুঃখপ্রদ। যমদণ্ড, কালদণ্ড, ব্রহ্মদণ্ডের ধর তাহার দ্বারায় দণ্ডিত হইয়া থাকে। হাসিকান্নার উপাধি ধারণ করি, ত্রিলোকের ঋণ-পাশে বন্দী হইয়া সত্যকে ভুলিয়া যাই।
এই দণ্ডমুক্তির জন্যই শুদ্ধভক্তি অর্থাৎ অনুগত সত্যের (খাঁটি বস্তুর) অধীন হইয়া থাকিতে চেষ্টা করার নামই সাধন সাধ্য বলিয়া দেবজ্ঞগণ জানাইয়াছেন।
শ্রীশ্রী রামঠাকুরের অমূল্য বাণী
(৭)
ভগবানের নাম আর তাঁর রূপ একই বস্তু জানিয়া কেবল নাম নিয়া পড়িয়া থাকিবেন। ভগবান উদ্ধার করিয়া নিবেন।
সর্ব্বদা নাম করিবেন, নামেতে সকলি আছে জানিবেন। কর্ত্তৃত্ব দ্বারা যাহা কিছু সুখ দুঃখ হয় তাহা নিত্য নয়, কেবল পরিবর্ত্তনশীল।
ঐ সকল সুখের দুঃখের জন্য প্রলোভিত না হইয়া সর্ব্বদা নামমুগ্ধার প্রলোভন রাখিতে চেষ্টা করিবেন।
নামই সত্য, দেহ যতদিন থাকিবে ততদিনই প্রাক্তনের আধিপত্য। তারপর ভগবানের নিকট প্রারব্ধের কোন ক্ষমতা থাকে না।
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel)
on
May 26, 2026
Rating:







.jpg)
No comments: