🌹 রাম ঠাকুরের কথা 🌹
আমি অনেক সময়ে ভাবিয়াছি যে সেদিন শ্বশুর মহাশয়ের প্রশ্নের একটা স্পষ্ট উত্তর ঠাকুরের মুখ দিয়া বাহির হইল না কেন? বেণীমাধব বাবা যে লাঙ্গলবন্ধে আছেন তাহা তো ঠাকুর নিশ্চয়ই জানিতেন। নিঃসন্দেহে বলা যাইতে পারে যে বেণীমাধব ব্রহ্মচারী লাঙ্গলবন্ধে আছেন, এই কথাটা প্রকাশ হইয়া পড়িলে লোকনাথ বাবার আশ্রিত ভক্তেরা তাঁহাকে অতিষ্ঠ করিয়া তুলিতেন।
আমার মনে হয় যে ইহা বোধ হয় বেণীমাধব বাবার নিতান্তই অনভিপ্রেত ছিল এবং সেই জন্যই ঠাকুর স্পষ্টতঃ কিছুই বলেন নাই। ক্রমে বেণীমাধব বাবার সংবাদ কতকটা প্রকাশিত হইয়া পড়িয়াছিল এবং শুনিয়াছি যে তাঁহার ফটোও কেহ কেহ পাইয়াছিলেন। কিন্তু আশ্চর্য্যের বিষয় এই যে লোকনাথ বাবার ভক্তেরা কেহই এই সংবাদ পান নাই।
হরিদাসবাবু ও বরদাবাবুর নিকট এবং পরে ঠাকুরের মুখে এই সংবাদ পাইবার পর আমি বহুবার মনে করিয়াছি যে কথাটা আমার শ্বশুর মহাশয়কে জানাইব, কিন্তু কেন জানি না, কথাটা বলিয়া উঠিতে পারি নাই।
এই না-বলাটাকে কিন্তু একটা সাধারণ ভুল বলিয়া মনে করিতে পারিতেছি না। শ্বশুর মহাশয় এই সংবাদটা পাইলে যে কতটা আনন্দিত হইতেন তাহা আমার অজানা ছিল না। আমিও খবরটা তাহাকে জানাইবার জন্য অত্যন্ত উদ্গ্রীব হইয়াছিলাম, কিন্তু তথাপি কথাটা তাহাকে বলিতে পারি নাই।
এক দিন দুই দিন নয়, প্রায় ৮/১০ বৎসরেও কথাটা বলিয়া উঠিতে পারিলাম না। ইহার মধ্যে অল্পাধিক পাঁচশত বার আমার শ্বশুর মহাশয়ের সহিত সাক্ষাৎ হইয়াছিল।
আরও আশ্চর্য্যের বিষয় এই যে হরিদাসবাবুও শ্বশুর মহাশয়ের সহিত বিশেষ ভাবেই পরিচিত ছিলেন এবং হামেশাই তাহাদের দেখা সাক্ষাৎ হইত। কিন্তু হরিদাসবাবুরও কখনও কথাটা তাহাকে জানাইতে ইচ্ছা হইল না।
এরূপ অদ্ভুত ঘটনা আমার জীবনে অল্পই ঘটিয়াছে এবং আমার দৃঢ় বিশ্বাস যে বেণীমাধব বাবার অমোঘ ইচ্ছায়ই এই অসম্ভবও সম্ভব হইয়াছিল।
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel)
on
এপ্রিল ০৭, ২০২৬
Rating:






.jpg)
কোন মন্তব্য নেই: